দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঘোষিত নতুন দর রোববার থেকেই কার্যকর হবে।
সরকারের সর্বশেষ সমন্বয় অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এর মধ্যে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাদের।
অন্যদিকে, অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা করা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে লিটারে ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।