ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবিপ্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তবে পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন। পরদিনই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পদ লাভ করেন।
এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তার আটকের বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।