প্রেমের সম্পর্কের আড়ালে শারীরিক সম্পর্ক, পরে বিয়ে অস্বীকার; ভয়ভীতি ও টাকার প্রস্তাবের অভিযোগ।
বিস্তারিত-
সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবু বক্কর ভূঁইয়া ওরফে বাবু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
জানা যায়, গত ৪ মার্চ আশুলিয়া থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত বাবু ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ফলে তরুণী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর অভিযুক্ত কৌশলে সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো এবং টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, চার মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী বর্তমানে সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আসে।
এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নারীর প্রতি সহিংসতার এই ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে পরে অস্বীকার করা গুরুতর অপরাধ। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।