নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকায় চাঁদা দাবি, এসকেভেটর ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে চরবালুয়া ৬নং ওয়ার্ডের তিনের খালের উত্তর পাশে একটি মাছের খামার তৈরির জন্য মাটি কাটার কাজ চলছিল। জমির মালিক সোহেলের সঙ্গে চুক্তি অনুযায়ী সোহাগ তার এসকেভেটর দিয়ে কাজ শুরু করেন।
এ সময় অভিযুক্ত ইব্রাহিম তোতা (৪৫)সহ ১৪ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা সোহাগের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এসকেভেটরের চাবি নিয়ে যায় এবং লাঠি ও লোহার রড দিয়ে মেশিনে ভাঙচুর চালায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
পাশাপাশি চাঁদা না দিলে এলাকায় কাজ করতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও অভিযোগে রয়েছে।
সোহাগ জানান, এসকেভেটরের চাবি নিয়ে যাওয়ায় মেশিনটি ঘটনাস্থল থেকে সরানো সম্ভব হয়নি। এতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তিনি।
উল্লেখ্য, অভিযুক্ত ইব্রাহিম তোতা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং প্রয়াত বিএনপি সভাপতি আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেছে।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানিগন্জ থানা কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।