1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শাহবাগে দ্বিতীয় দফা সংঘর্ষ, মহিউদ্দিন রনিসহ আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সরাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে বিকেল থেকেই শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে প্রথম দফা সংঘর্ষের পর সন্ধ্যায় আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এলাকা নিয়ন্ত্রণে নেয়। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আহতদের মধ্যে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর সাবেক জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম দফা সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দাবি করা হয়, তাদের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। পাশাপাশি ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও শান্তা আক্তার পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়।
ওই পোস্টে কর্মীদের আপাতত বড় জমায়েত না করে আহতদের চিকিৎসায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হলেও, চিকিৎসা শেষে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়।
এর আগে জুমার নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দিনভর চলা এই সংঘর্ষে শাহবাগ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট