রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
ইনকিলাব মঞ্চের পাঠানো বার্তায় জানানো হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।”
সংগঠন সূত্রে জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করে সংগঠনটি।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, “শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।” একই পোস্টে পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, “আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।”
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির সদস্য সচিব গুলিবিদ্ধ হন।
ঘটনার সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।