1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ফরিদগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃত সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি চাইনিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, চারটি স্টিল পাইপ, একটি হাতুড়ি, একটি চেইন, একটি বেইচ গিয়ার, তিনটি স্টিলের চাকু এবং দুটি স্মার্টফোন।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ আগে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. হান্নান বহিষ্কৃত হওয়া এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় বর্তমানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, গ্রেপ্তারের পর প্রথমে সৈয়দ আহমেদকে হাইমচর থানায় সোপর্দ করা হয়। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ায় পরে তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয়েছে ফরিদগঞ্জে তার নিজ বাড়ি থেকে। এ কারণে ফরিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট