রাজধানীর চানখারপুল এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছয়জন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত অপর দুই কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল।
রায় অনুযায়ী,মামলার অপর আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া কনস্টেবল সুজন,নাসিরুল ও ইমাজ হোসেনকে ৩ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, চানখারপুল এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ ও বিভিন্ন মেয়াদের দণ্ড প্রদান করা হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার, অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথাও জানিয়েছেন।