অভিনেত্রী ও মডেল ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ঊর্মিলা শ্রাবন্তী ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পরিচিতি লাভ করেন।
দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্রও সংগ্রহ করা হয়েছে।
দুদকের ভাষ্য, এসব তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।