ফেনীর সোনাগাজীতে মাদরাসার শিক্ষার্থীদের বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।
অভিযোগ রয়েছে, মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের এ প্রচারণায় অংশগ্রহণে উৎসাহ দেন। একই সঙ্গে প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে প্রচারণায় উৎসাহ দিতে দেখা যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।