ফেনীতে প্রায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. মোস্তফা (৩০)।
পুলিশ জানায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের লালপোল এলাকায় স্টার লাইন পাম্পের সামনে স্থানীয় জনতা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
আটক মো. মোস্তফার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের ১০টি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১ হাজার ৯৯০ পিস, যার আনুমানিক ওজন ১৯৯ গ্রাম।
এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন লাল রঙের ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪।
পুলিশ আরও জানায়, আটক মো. মোস্তফা ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফেনী পৌরসভার বারেহীপুর এলাকার সিরাজ কলোনীতে বসবাস করছিলেন।
উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।