1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

আবারও এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, মোটরসাইকেল ছিনতাই

গাজীপুর প্রতিনিধি |
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা ফটিক চানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিব চৌধুরী নিজের মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে দুই যুবক বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলটি দেখতে তার বাসার সামনে আসে। প্রায় এক ঘণ্টা ধরে তারা মোটরসাইকেলটি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে। একপর্যায়ে একজন যুবক হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছোড়ে। একই সময় অপর যুবক মোটরসাইকেলটি চালিয়ে নেওয়ার চেষ্টা করে।
হাবিব চৌধুরী পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে কোনো গুলিই তার শরীরে লাগেনি। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন মোটরসাইকেলে উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে আমি অক্ষত রয়েছি। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নাছের খান বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। ট্র্যাপ সাজিয়ে জুলাই আন্দোলনে অংশ নেওয়া হাবিব চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রাষ্ট্র তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, গুলির ঘটনাটি পুলিশের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় উপকমিটির সমন্বয়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট