1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বসুন্ধরা এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত নাঈম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতের একজন আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্বজনদের তথ্যমতে, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। প্রায় ১০ দিন আগে তিনি পাবনা থেকে ঢাকায় আসেন এবং পূর্বাচলে তাঁর খালাতো ভাই রফিকুল ইসলামের বাসায় অবস্থান করছিলেন।
ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলের চালকসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক নাঈমকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে তাঁর খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করেন। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, নাঈম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। তাঁর বিরুদ্ধে পাবনায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।
রফিকুল আরও বলেন, ঘটনার রাতে নাঈম তাঁর এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন। পরে নাঈমের মুঠোফোনে কল করলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ফোনটি ধরেন। তিনি জানান, নাঈমকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভাটারা থানা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট