পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে ঘিরে নামফলকের ভুল তথ্যের কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
নামফলকে প্রায় দুই কোটি টাকা ব্যয় দেখানো হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়।
২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে।
প্রকল্প শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে নির্মাণ ব্যয় হিসেবে ভুলবশত লেখা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা।
স্থানীয়ভাবে ভিডিও করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।
এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, প্রকৃত ব্যয় সম্পর্কে তারা অবগত নন। তবে নামফলকে এত বড় অঙ্ক দেখে তারা বিস্মিত হয়েছেন।
অন্যদিকে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ দাবি করেন, এটি একটি সাধারণ প্রিন্টিং ভুল হলেও বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে দেখানো হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রস্তুতের সময় অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে ভুল তথ্য ছাপা হয়। বিষয়টি জানার পর ইতোমধ্যে নামফলক সংশোধন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি প্রযুক্তিগত ভুল হলেও বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ছড়ানো হয়েছে।