1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

রেমিট্যান্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বিদেশ থেকে আসা পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা দিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও, পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহককে জানাতে হবে। দ্রুত লেনদেন নিশ্চিত করতে আধুনিক ও সহজ প্রক্রিয়া ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া পরে সম্পন্ন করেও আগে গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে।
তবে যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট যাচাই সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অর্থ জমার আগে যাচাই শেষ করতে হবে এবং সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।
রেমিট্যান্স প্রক্রিয়ায় গতি আনতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে লেনদেন আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে ফরম সি ও ফরম সি (আইসিটি) সংক্রান্ত জটিলতা কমানো যায়।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাদের মতে, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট